সাআদ মাহমুদ প্রিয় হালুয়াঘাট
আসন্ন ৯ নম্বর ধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব খান।
আব্দুল মোতালেব খান বর্তমানে হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৯ নম্বর ধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তাঁর সামাজিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা রয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
ধারা ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের মধ্যে সড়কের পশ্চিম পাশে অবস্থিত ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা তুলনামূলকভাবে বেশি বলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব এলাকায় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগকে ঘিরে সমর্থকদের মধ্যে আলোচনা চলছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আব্দুল মোতালেব খান বলেন, “আমি ৯ নম্বর ধারা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। জনগণের পাশে থেকে কাজ করার ইচ্ছা রয়েছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, মনোনয়নসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হবে।”

