স্টাফ রিপোর্টার. প্রিয় হালুয়াঘাট
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা শেষে দুই বাড়িতে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবারের ওই দুর্ঘটনায় বাবা, দাদি, মেয়ে ও পাঁচ বছরের নাতি নিহত হন।
নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর ৮৫ বছর বয়সী মা রাশিদা বেগম, ২৫ বছর বয়সী মেয়ে মর্জিনা বেগম এবং মর্জিনার পাঁচ বছরের ছেলে মিনাল।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মোফাজ্জল হোসেন লেবু ও তাঁর মা রাশিদা বেগমকে পারিবারিক কবরস্থানে এবং মর্জিনা বেগম ও তাঁর ছেলে মিনালকে শ্বশুরবাড়ির কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
একই দুর্ঘটনায় পরিবারের চার সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ভাটিপাড়া গ্রামের মানুষ। আপনজন হারানোর বেদনার পাশাপাশি একসঙ্গে চারটি কবর খোঁড়ার দৃশ্য আরও ভারী করে তুলেছে স্বজনদের শোক।
শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ জামালপুরের ছয়জন নিহত হন। এ দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়।
একসঙ্গে পরিবারের চার সদস্যের মৃত্যুতে ভাটিপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বাবা, দাদি, মেয়ে ও নাতিকে একসঙ্গে হারানোর এই শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারকে করে দিয়েছে স্বজনহারা। দুই বাড়িতে চারটি কবর আর অসংখ্য শোকাহত মানুষের চোখের জল—ভাটিপাড়া গ্রামে এখন এটাই সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য
।
