হালুয়াঘাটের ইউএনও বদলি নিয়ে সংসদে প্রশ্ন তুললেন এমপি সালমান ওমর, সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি

 


সাআদ মাহমুদ। প্রিয় হালুয়াঘাট 

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকস্মিকভাবে বদলি হওয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন  ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল। একই সঙ্গে হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি জানিয়েছেন তিনি।

সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া বক্তব্যে তিনি এসব দাবি জানান।

বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, তাঁর নির্বাচনী এলাকা হালুয়াঘাট ও ধোবাউড়ায় প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের কারণে প্রায়ই এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।



তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, উপজেলা প্রশাসন, ইউএনও এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে ময়মনসিংহে বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলেও সংসদে জানান তিনি।

এ সময় দুই উপজেলায় পুলিশের টহল বাড়ানোর জন্য আরও দুটি পুলিশ পিকআপ দেওয়ার দাবি জানান সংসদ সদস্য। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিজিবিকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারেতুলেছেনর সুযোগ করে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



হালুয়াঘাটের ইউএনও বদলির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই উপজেলার ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে টাস্কফোর্স গঠন করে মাদক ও অপরাধবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এরই মধ্যে গত সপ্তাহে হঠাৎ করে হালুয়াঘাটের ইউএনওকে বদলি করা হয়।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বললেও তাঁকে জানানো হয়, বিভাগীয় কমিশনার বিষয়টি জানেন। পরে বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওপরের নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, একজন ইউএনও ভালোভাবে দায়িত্ব পালন করছিলেন, বিভিন্ন স্থানে মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করছিলেন এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিলেন। এমন একজন কর্মকর্তাকে কী কারণে হঠাৎ বদলি করা হলো, সে বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে সুনির্দিষ্ট কোনো জবাব পাওয়া যাচ্ছে না।

তিনি প্রশ্ন তুলে বলেন, স্থানীয় সংসদ সদস্যরা যদি তাঁদের এলাকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের বদলির কারণ জানতে না পারেন, তাহলে জনগণের কাছে তাঁরা কী জবাব দেবেন এবং এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করবেন কীভাবে?

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, পুলিশের টহল বাড়ানো এবং হালুয়াঘাটের ইউএনও বদলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।


নবীনতর পূর্বতন

نموذج الاتصال