হালুয়াঘাটে ৪ বছরের শিশু হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

সাআদ মাহমুদ প্রিয়





জুলফিকার আলী জুলমত হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের একদিন পর মাসতুরা বেগম (৪) নামে এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জমি-জমা নিয়ে পূর্ববিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা মো. সাঈদ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুরাইল গ্রামের মো. সোহেল (৩২), মেহেদী (২৯), মো. রাসেল (২৫) ও তাদের বাবা মো. জিন্নত আলী (৬০)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার ধুরাইল এলাকার বাসিন্দা।


এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. সাঈদ ও তার স্ত্রী মোছা. সুমি আক্তার গাজীপুর এলাকায় গার্মেন্টসে কাজ করেন। গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার পর বাড়িতে থাকা তাদের মেয়ে মাসতুরা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ, আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


পরদিন ৭ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিবেশী মজিবর রহমানের বাড়ির উত্তর পাশে পুকুরের উত্তর পাড়সংলগ্ন পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি পানি থেকে তুলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।


এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটির গলায় লাল ও হালকা নীল রঙের পুরোনো একটি গামছা গিট বাঁধা অবস্থায় ছিল। এ অবস্থায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন পরিবারের সদস্যরা।


শিশুটির বাবা মো. সাঈদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের সাথে তাদের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে ওই চারজনসহ অজ্ঞাত আরও ২-৩ জন তার মেয়েকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দিতে পারে বলে তিনি এজাহারে সন্দেহ প্রকাশ করেন।


পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান , ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এবং দায়ের করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।





নবীনতর পূর্বতন

نموذج الاتصال